Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৮:৫০ অপরাহ্ণ

সাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র ও মাদকসহ তিনজন আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিন মাদক ব্যবসায়ীকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনা ও পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন, সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। সেনা ও পুলিশের যৌথ টিম শহরের গড়েরকান্দা এলাকায় এ অভিযান চালিয়ে আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবদুর রহিমকে আটক করে।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি ছুরি, সাতটি চাকু, একটি লাঠি, ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়।

সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ বলেন, আটক আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।অভিযান শেষে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আজকালের কন্ঠ/আর/এস/আতিয়ার 

প্রিন্ট করুন