Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ১১:৩০ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি : জনজীবনে চরম ভোগান্তি

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় জেলায় গতকাল দিনভর গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাতের দিকে কিছুটা বিরতি দিলেও ভোর থেকে আবারও টানা বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টিতে জেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

অধিকাংশ মানুষ ঘরবন্দি হয়ে পড়ায় কর্মজীবীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে নিম্ন আয়ের দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষজন আয়-রোজগার থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। অনেক জায়গায় রাস্তাঘাট কাদামাটিতে পরিণত হওয়ায় যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

বৃষ্টির পানিতে জেলার বিস্তীর্ণ আমন ধানক্ষেত তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মৌসুমি সবজির ক্ষেতেও পানি জমে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কিছু এলাকায় কচু, লাউ ও শাক-সবজির ক্ষেত পানিতে ডুবে ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

অন্যদিকে, লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। জেলেদের গভীর সমুদ্রে মাছ ধরতে না গিয়ে উপকূলের কাছাকাছি এলাকায় সীমিত আকারে নৌযান চলাচল করতে দেখা গেছে। ফলে মাছ শিকারে ব্যাঘাত ঘটছে এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমান আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপকূলীয় অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময়ে নদী-নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য জেলেদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন