মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার ব্যান থামিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির চালক মো. মিজান শেখ (২৭) ও সহকারী মো. ওয়াসিম (২৪) শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের টিভি, ফ্রিজ, এসি, ওভেন ও ওয়াশিং মেশিন নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন।
১৪ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে ৩টার দিকে বড়াইগ্রাম থানার মোড় অতিক্রম করার পর ফাঁকা রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৭ জন দুর্বৃত্ত একটি ড্রাম ট্রাক দিয়ে কাভার ব্যানের গতিরোধের চেষ্টা করে। দুর্ঘটনা এড়াতে চালক পাশের একটি লোকাল রাস্তায় ঢুকে পড়েন। কিছুক্ষণ পর একটি ছোট পিকআপ কাভার ব্যানের সামনে গিয়ে দাঁড়ায়।
অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা চালক ও সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে কাভার ব্যানের পেছনের দরজা ভেঙে ভেতরের মালামাল লুট করে নিয়ে যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকার পণ্য খোয়া যায়।
চালক মিজান শেখ বলেন, “ঘটনার পর কোম্পানির কর্তৃপক্ষকে জানাই এবং তাদের পরামর্শে থানায় অভিযোগ করি।”
বড়াইগ্রাম থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আজকালের কন্ঠ/আর বি/এস