Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫ , ৩:৪০ অপরাহ্ণ

সুপার ফোরে টিকে থাকতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক :  টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এশিয়া কাপ অভিযানে নেমেছিল বাংলাদেশ। হংকংকে হারিয়ে দারুণ শুরু পেলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। বাজেভাবে হারের ফলে সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। বাকি থাকা ম্যাচে কার্যত আফগানদের বিপক্ষে এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের।

শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দল। শেষ পর্যন্ত জাকের আলি ও শামিম হোসেনের লড়াকু ইনিংসে ১৪০ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। তবে সহজেই সেই রান তাড়া করে জয়ের হাসি হাসে লঙ্কানরা।

দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লিটন-মুস্তাফিজরা। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে আফগানিস্তান শীর্ষে এবং শ্রীলঙ্কা রয়েছে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশের সুপার ফোরে যেতে হলে আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে হবে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কার জয় কামনা করে। এমন হলে শ্রীলঙ্কা পাবে ৬ পয়েন্ট, বাংলাদেশ ৪ পয়েন্ট এবং আফগানিস্তান ২ পয়েন্টে থেকে বিদায় নেবে।

তবে আফগানিস্তানের কাছে হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের আশা। একমাত্র সম্ভাবনা তখন হংকংয়ের অঘটনের ওপর নির্ভর করবে। যদি হংকং শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারায়, তবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সমান পয়েন্ট হবে। সে ক্ষেত্রে নেট রানরেট নির্ধারণ করবে কে যাবে পরের রাউন্ডে।

সব মিলিয়ে, টাইগারদের ভাগ্য এখন নির্ভর করছে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ওপর এবং অন্য ম্যাচগুলোর ফলাফলের সমীকরণে। এখন অপেক্ষা কঠিন এই পরিস্থিতি থেকে বেরিয়ে বাংলাদেশ জায়গা করে নিতে পারে কিনা সুপার ফোরে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন