জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের একদিন পূর্বে ফ্রি ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজনের প্রলোভন দিয়ে সকল শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তা প্রেরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শাখা ছাত্রদল।
আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন। সেই লক্ষ্যে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে সকল প্রকার প্রচারণা বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আচরণবিধি লঙ্ঘন করে কৌশলে এখনো প্রচারণা চালিয়ে যাচ্ছে জাবি শাখা ছাত্রদল।
শাখা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মুঠোফোনে ভ্যাকসিনেশন প্রোগ্রাম এর নামে প্রার্থীদের হয়ে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মুঠোফোনে শিক্ষার্থীদের নম্বরে প্রেরিত ক্ষুদে বার্তায় জানানো হয়, ‘জাবি ছাত্রদল আয়োজিত ফ্রী হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম আপনাদের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত প্রোগ্রামে অংশগ্রহনের জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাত্রদল, জাবি শাখা জনস্বার্থে সবসময় আপনাদের পাশে থাকবে। একই সাথে আগামীতে নারীদের সুস্বাস্থ্যের জন্য জরায়ু ক্যানসার প্রতিরোধী ভ্যাক্সিন প্রোগ্রামে অংশগ্রহনে আপনার সহযোগিতা কামনা করছি’
জাকসু নিবার্চনের একদিন পূর্বে হঠাৎ সকল শিক্ষার্থীর ফোনে এমন বার্তা শিক্ষার্থীদের কাছে একদিকে যেমন বিরক্তির কারণ হচ্ছে এবং অন্যদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অংশ।
এই ব্যাপারে জানার জন্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. কে.এম. রাশিদুল আলম এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
আজকালের কন্ঠ/আর বি