ডাকসু নির্বাচনের লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু | Daily AjKaler Kontho

ডাকসু নির্বাচনের লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
ডাকসু নির্বাচনের লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল ইসলাম শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হলের ভেতরে লাইভ করার সময় অসুস্থ হয়ে পড়েন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তারিকুল শিবলী (৪০)। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবলীর সহকর্মী সোহেল রানা বলেন, “কার্জন হলে লাইভ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন শিবলী ভাই। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, “চিকিৎসকের ধারণা, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।”

শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। স্ত্রী ও দুই মেয়েসহ তিনি পরিবারে সদস্য রেখে গেছেন।

আজকালের কন্ঠ/আর বি