Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৯, ২০২৫ , ১০:৫৯ পূর্বাহ্ণ

জাকসুতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব, নীরব হল নির্বাচন কমিশন

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলছে। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও কিছু প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রচারণার নামে ব্যানার, পোস্টারিং, বহিরাগত সমাবেশ থেকে শুরু করে অপ্রত্যাশিত খরচ- সবই ঘটছে নিয়ম ভেঙে। নির্বাচন কমিশনের তদারকি দুর্বল হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিয়ম অমান্য করে নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। অভিযোগ উঠেছে, আবাসিক হল, ডিপার্টমেন্ট, ক্যাফেটেরিয়া থেকে শুরু করে ক্যাম্পাসের বটতলা পর্যন্ত পোস্টার, লিফলেট, মিছিল-মিটিংয়ে ভরে গেছে।

বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের পুরুষ যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জিয়া উদ্দিন আয়ানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের দ্বিতীয় তলার ২১৫নং কক্ষে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ২৫ জনের অধিক মানুষের সমাগমে বিরিয়ানি বিতরণ করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।

তবে বিরিয়ানি খাইয়ে ভোট চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোগ নিয়ে খাবারের আয়োজন করেছেন। আমি শুধু জনসমাগম দেখে সেখানে গিয়ে ভোট চাই। খরচ কে দিয়েছে সেটা আমি জানি না।’

একই প্যানেলের জিএস প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম কাজী নজরুল ইসলাম হলের গেস্টরুমের দরজা বন্ধ করে প্রায় ৪০ থেকে ৫০ জনের অধিক ভোটারের উপস্থিতিতে ভোট চেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তৌহিদ সিয়াম বলেন, ‘কাজী নজরুল হলে আমরা কোনো প্রোগ্রাম করিনি। আমি কয়েকজন সহ সেই হলে প্রচারণা চালাতে গিয়েছিলাম পরে গেস্টরুমে কিছু শিক্ষার্থী ডাকলে তাদের সঙ্গে গিয়ে কথা বলি।’

ছাত্রদল সমর্থিত প্যানেল “সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ” এর ভিপি পদপ্রার্থী শেখ সাদীর বিরুদ্ধে জনসমাগম ঘটিয়ে সভা করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার ( ০৮ সেপ্টেম্বর) রাতে ২১ নং ছাত্র হলে ক্যান্টিনে ২৫ জনের অধিক জনসংযোগ করেন বলে জানা যায়। এছাড়া হলে হলে বিভিন্ন প্যানেলের কেন্দ্রীয় এবং হল সংসদের প্রার্থীদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে উঠেছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘হল নির্বাচন কমিশন এই ব্যাপারে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন