Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৮, ২০২৫ , ৪:২০ অপরাহ্ণ

মিথ্যা মানব পাচার মামলায় এক পরিবারের ৩ জন কারাগারে; যুবককে পাওয়া গেল দিনাজপুর কাচ্চি ভাইতে

লেখকঃ আজকালের কণ্ঠ

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে এক ভুক্তভোগী পরিবার নিজেদের বিরুদ্ধে দায়েরকৃত একটি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মানবপাচার মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

আজ শুক্রবার বিকাল ৫টায় দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন — আঃ রাজ্জাক বেপারী (৫৫), মোসা. বিলকিস বেগম, মোঃ সোহাগ খান, মোসা. সাবিহা মুক্তা ও মোঃ সুজন বেপারী।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, মাদারীপুর জেলার কালকিনি থানার আলীমাবাদ গ্রামের মোসা. ময়না আক্তার (৫০), স্বামী- বাবুল কোতোয়াল একটি ভিত্তিহীন, পরিকল্পিত ও প্রতিহিংসামূলক মামলা তাদের পরিবারের বিরুদ্ধে দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, ময়না আক্তারের ছেলে মোঃ নাইম হোসেন অপহরণ ও পাচারের শিকার হয়েছেন।

তবে বক্তারা দাবি করেন, নাইম হোসেন বিদেশে যাননি, তিনি বর্তমানে দিনাজপুর শহরের কাচ্চি ভাই হাউজে কর্মচারী হিসাবে কর্মরত রয়েছেন। তার সাথে বিদেশে যাওয়ার বিষয়ে তাদের পরিবারের কারো কোনো যোগাযোগ বা চুক্তি হয়নি বলেও দাবি করা হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, ময়না আক্তার তার বড় ছেলে রিজান এর প্ররোচনায় এবং সংশ্লিষ্ট থানার এক দারোগাকে মোটা অঙ্কের টাকা দিয়ে তদন্ত প্রতিবেদন নিজের ইচ্ছেমতো তৈরি করিয়ে আদালতে জমা দিয়েছেন। এর ফলে ২০২৫ সালের ১৬ জানুয়ারি দায়ের করা মামলায় গত ৩ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে আঃ রাজ্জাক বেপারী, তার স্ত্রী ও কন্যাকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।

তারা বলেন, “আমরা নিরপরাধ। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। শুধুমাত্র হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে।”

আজকালের কন্ঠ/আর বি

 

প্রিন্ট করুন