তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের দ্রুত তৎপরতায় অটো ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের সদস্য গ্রেপ্তার এবং চুরি যাওয়া অটো উদ্ধার হয়েছে।ঘটনাটি ঘটে গত ৩১ আগস্ট সন্ধ্যায়। জানা যায়, অটোচালক আবুল কাশেম নতুন চৌপথী এলাকা থেকে যাত্রী পরিবহনের জন্য বের হলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীর কবলে পড়েন।বরাতি ব্রিজের দিকে যাওয়ার পথে চালককে অজ্ঞান করে নিয়ে পালানো হয় অটোরিকশাটি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে তিনি বুঝতে পারেন যে ছিনতাইকারীরা অটোটি নিয়ে গেছে।
পরে ১ সেপ্টেম্বর ভুক্তভোগী তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায়। এতে গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়ায় সিন্ডিকেট সদস্য মিঠুল মিয়ার (ওরফে মাসুদ) বাড়িতে অটোটির অবস্থান নিশ্চিত হয়। গঙ্গাচড়া থানা পুলিশের সহযোগিতায় ৫ সেপ্টেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে অটোটি উদ্ধার করা হয় এবং মিঠুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মিঠুল স্বীকার করেন, চক্রের এক সদস্য ফোন করে তাকে ছিনতাইয়ের খবর জানায় এবং অটোটি নিয়ে লুকিয়ে রাখতে বলে। পরে তিনি হাজীরহাট এলাকা থেকে অটো নিয়ে নিজ বাড়িতে রাখেন।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। উদ্ধার হওয়া অটোর ঘটনাসহ আরও কয়েকটি ছিনতাইয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। ইতোমধ্যে মিঠুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আজকালের কন্ঠ/আর এস / সোহেল