আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী হারিকেন কিকো ধেয়ে আসছে হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে। শনিবার (৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, হারিকেনটির গতিপথে সামান্য পরিবর্তন হওয়ায় কিছু অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার তীব্রতা কমতে পারে। খবর সিএনএন।
হারিকেন কিকো শনিবার সকাল পর্যন্ত বিগ আইল্যান্ড থেকে প্রায় ১,০০০ কিলোমিটার (প্রায় ১,৬০৯ মাইল) দক্ষিণপূর্বে অবস্থান করছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলে আঘাত হানতে পারে। ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার এবং শক্তির দিক থেকে এটি ক্যাটাগরি ৪ স্তরের ঝড়।
গত শুক্রবার হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুকা রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তবে শনিবার হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জোসেফ ক্লার্ক জানান, ঝড়ের তীব্রতার ঝুঁকি কিছুটা কমেছে। তিনি আরও বলেন, ঝড়টি উত্তর দিকে সরে যাওয়ায় দ্বীপপুঞ্জে বাতাস সাধারণের তুলনায় কম বয়ে যাচ্ছে।
রোববারের মধ্যে ঝড়টি বিগ আইল্যান্ড ও মাউইতে আঘাত হানতে পারে। এতে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার ঢেউ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা সমুদ্রসৈকতে ভাঙন ঘটাতে পারে।
আজকালের কন্ঠ/আর বি