Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৬, ২০২৫ , ১০:০৬ পূর্বাহ্ণ

মহিপুরে ট্রলার মালিকের মারধরে জেলের মৃত্যু, আহত ২

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ট্রলারে সময়মতো না পৌঁছানোর ঘটনাকে কেন্দ্র করে তিন জেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হেলাল হাওলাদার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আহত আরও দুই জেলে বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আলীপুর মৎস্য বন্দরের আল-আমিনের মাছের আড়তে। নিহত হেলাল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তুষখালী গ্রামের বাসিন্দা হারুন হাওলাদারের ছেলে। আহতরা হলেন—সাদ্দাম আকন (১৮) ও আসাদুল (২২)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সমুদ্র যাত্রায় প্রস্তুত একটি ট্রলারে যোগ দিতে দেরি করায় ট্রলার মালিক মঠবাড়িয়ার মন্টু ব্যাপক ক্ষিপ্ত হন। এ সময় তিনি ওই তিন জেলেকে আড়তে ডেকে নিয়ে মারধর করেন। পরে মারধরে গুরুতর আহত অবস্থায় তাদের নিয়ে ট্রলারটি সাগরে রওনা দেয়। সমুদ্রে কিছুদূর যাওয়ার পর জেলেদের অবস্থার অবনতি হলে পুনরায় তীরে ফেরা হয়।

শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত জেলে চিকিৎসাধীন আছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, নিহত হেলালের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ও আহতদের স্বজনরা থানায় আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন