Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৫, ২০২৫ , ১০:৪৪ অপরাহ্ণ

দুর্গাপুরে অসহায় শুকুরি বেগমকে তারেক রহমানের নতুন ঘর উপহার

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অসহায় শুকুরি বেগম (৭০)-কে একটি নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামে নবনির্মিত আধা পাকা বাড়িটি আনুষ্ঠানিকভাবে অসহায় শুকুরি বেগমের কাছে হস্তান্তর করেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির নেতৃবৃন্দ জানান, খুজিউড়া গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধা শুকুরি বেগম বিগত কয়েক বছরের মধ্যে তার স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারিয়ে অসহায় অবস্থায় ভিক্ষা করে একটি ভাঙাচোরা ঝুপড়ি ঘরে কোনো রকমে দিনাতিপাত করে আসছিলেন। তার অসহায়ত্বের কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষণিক গৃহহীন অসহায় শুকুরি বেগমকে একটি আধা পাকা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে নির্দেশ দেন।

পরে ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে সেই ঝুপড়ি ঘরের পাশেই একটি আধা পাকা ঘর নির্মাণ করা হয়, যা আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে অসহায় শুকুরি বেগমকে বুঝিয়ে দেওয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর উপহার পেয়ে শুকুরি বেগম খুবই আনন্দিত। তিনি মহান রাব্বুল আল-আমিনের কাছে দু হাত তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূঞা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউররহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, পৌর যুবদলের সদস্য খান সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানী ঢালী, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন