ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে পৌর অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে একটি বিশাল মিছিল ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম জিকু এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আজকালের কন্ঠ/আর বি