ব্যুরো চীফ ময়মনসিংহ : নেত্রকোণা মডেল থানার পুলিশ মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার মাত্র ৫ ঘণ্টার মধ্যে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
জানা যায়, হারানো ব্যাগটিতে প্রায় ৬ ভরি ১৩ আনা ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ছিল। বিষয়টি থানায় জানানো হলে অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ইমনের দিকনির্দেশনায় পুলিশ দ্রুত অভিযান চালায়। অবশেষে স্বর্ণালংকারসহ ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।
হারানো সম্পদ ফিরে পেয়ে প্রকৃত মালিক গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওসি কাজী শাহনেওয়াজ ইমনসহ নেত্রকোণা মডেল থানার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “এত দ্রুত সময়ের মধ্যে আমার হারানো জিনিসপত্র ফেরত পাবো তা ভাবতেই পারিনি। পুলিশের এ ধরনের কাজ সত্যিই প্রশংসনীয়।”
ওসি কাজী শাহনেওয়াজ ইমন বলেন, “জনগণের আস্থা অর্জন ও সেবার মান নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। হারানো জিনিস ফেরত দেওয়ার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে পারা আমাদের সবচেয়ে বড় সফলতা।”
স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।
আজকালের কন্ঠ/আর বি