এস এম তানবীর, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে চেতনানাশক কোন দ্রব্যের মাধ্যমে অচেতন করে রাস্তা থেকে মায়ের কোল থেকে ৩ মাস বয়সী এক শিশুকে চুরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।
জানা যায়, জেলার শিবচর পৌরসভার চক বাজার জামে মসজিদের মোয়াজ্জিন রফিকুল ইসলাম স্ত্রী ও তিন মেয়েসহ পৌরসভার ডিসি রোড এলাকার হাজী আব্দুর রশিদ মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন। মঙ্গলবার দুপুরে রফিকুল ইসলামের স্ত্রী রহিমা আক্তার তার ৩ মাস বয়সী শিশু কন্যা মারিয়াকে কোলে নিয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়। প্রায় এক ঘন্টা পর রহিমা আক্তার শিশুটিকে ছাড়া একা বাসায় আসে।
এ সময় বাসার লোকজন মারিয়ার কথা জিজ্ঞেস করলে রহিমা অসুস্থ্য হয়ে পড়ে। জ্ঞান হারায়। পরে তার চেতনা ফিরলে সে জানায় বাজারে যাওয়ার পথে রাস্তার মাঝে কেউ তাকে অচেতন করে মারিয়াকে চুরি করে নিয়ে গেছে। আর তাকে শিবচর উপশহর এলাকায় ফেলে রেখেছিল। চেতনা ফিরে পাওয়ার পর সে কোনমতে বাসায় এসেছে। তার কোন কিছুই মনে নেই আসলে তার সাথে কি ঘটেছে। এমন করে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে বলতে রহিমা বেগম বারবার জ্ঞান হারালে তাকে হাসপাতালে চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের একাধিক টিম শিশুটি উদ্ধারে কাজ করছে।
শিশুটির বাবা মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার স্ত্রী প্রায় দুই মাস যাবত মানসিকভাবে একটু অসুস্থ্য। আজ আমাদের শিশু কন্যা মারিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হলেও পরে সে একা বাড়িতে ফিরে এসেছে। মারিয়ার কথা জানতে চাইলে সে জানায় রাস্তার মাঝে কেউ তাকে চেতনানাশক নিয়ে শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। সে একেক সময়ে একেক রকম কথা বলছে। তার কোন কথার সাথে কোন কথার মিল খুঁজে পাচ্ছি না। আমি আমার মেয়েকে ফেরত চাই।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, আমরা এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। পরিবারের লোকজনদের সাথে কথা বলছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটি উদ্ধারে মাঠে একাধিক টিম কাজ করছে।