Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২, ২০২৫ , ৭:৩৫ অপরাহ্ণ

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

লেখকঃ আজকালের কণ্ঠ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ।বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভূষণ স্কুল সড়ক থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে দুপুর থেকেই উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে শহরে জড়ো হতে থাকেন। বিশেষ করে মহিলা দলের বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ সবার নজর কাড়ে। বাদ্যযন্ত্রের তালে তালে শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহাবুবার রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,“বাংলাদেশে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্র করেই নির্বাচন বন্ধ করা যাবে না। যারা নির্বাচন বন্ধ করতে চাইবে, তাদেরকে হাসিনার মতোই জনগণের শক্তি দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে।”
তিনি আরও বলেন, “ড. ইউনুস একজন সম্মানিত ব্যক্তি। জনগণ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের। সেই নির্বাচনে বিএনপি জয়ী হয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে এবং নেতাকর্মীরা রাজপথ থেকে ঘরে ফিরবে।”
আজকালের কন্ঠ/আর এস/সোহাগ
প্রিন্ট করুন