ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করেন ধোবাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।
অভিযান চলাকালে তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। নদী, কৃষিজমি ও জনপদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান রাতভর চলমান থাকবে।
অভিযানে ধোবাউড়া থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন, ফসলি জমির ক্ষতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি