Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩০, ২০২৫ , ৩:২৪ অপরাহ্ণ

ভুয়া প্রশিক্ষণ সনদ ব্যবহার করে দীর্ঘদিন শিক্ষকতা করার অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

দিনাজপুর (জেলা)প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় ভুয়া প্রশিক্ষণ সনদ ব্যবহার করে দীর্ঘদিন শিক্ষকতা করার অভিযোগ উঠেছে, এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, চাকরির বয়সসীমা শেষ হলেও তিনি নিয়মবহির্ভূতভাবে অবসর ভাতা, পেনশন ও অন্যান্য সরকারি সুবিধাও নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও শিক্ষা অফিস সূত্রে জানা যায়, খানসামা উপজেলার মালো নদীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান চৌধুরী নিয়োগের সময় একটি পিটিআই (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট) সনদ দাখিল করেন। তবে সম্প্রতি জেলা শিক্ষা কর্মকর্তাদের নথি যাচাইয়ের সময় সংশ্লিষ্ট ইনস্টিটিউট থেকে নিশ্চিত করা হয়, ওই নামে কোনো প্রশিক্ষণধারী তাদের রেকর্ডে নেই। এতে তার সনদের জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।

অভিযোগ রয়েছে, চাকরির সীমা পেরিয়ে যাওয়ার পরও প্রভাব খাটিয়ে তিনি রিটায়ারমেন্ট ভাতা, পেনশন, গ্র্যাচুইটি ও সরকারি নানা সুবিধা নিয়েছেন। এতে উপজেলা শিক্ষা দপ্তরে ক্ষোভ বিরাজ করছে।

এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকে বলছেন, একজন শিক্ষক কীভাবে বছরের পর বছর ভুয়া সনদে চাকরি করতে পারেন এবং শিক্ষা প্রশাসন এতদিন বিষয়টি ধরতে ব্যর্থ হলো-এ প্রশ্নে বিতর্ক ছড়িয়েছে।

সচেতন মহল বলছে, এটি শুধু একজন ব্যক্তির প্রতারণা নয়, বরং গোটা শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও দায়বদ্ধতার বড় প্রশ্ন। যারা এই প্রতারণাকে প্রশ্রয় দিয়েছে বা দায়িত্বে থেকেও অবহেলা করেছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।

খানসামা উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রিন্ট করুন