আজকালের কন্ঠ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আদের আটক করা হয়।
তাদের আটকের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ।
আটকদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
জানা গেছে, আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।
আজকালের কন্ঠ/আর বি