সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম শাহজালাল (২৯), তিনি উপজেলার সয়ার ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মদন আলীর ছেলে।
সোমবার রাতে উপজেলার সয়ার ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গত ১০ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। যেখানে অজ্ঞাত পরিচয় ৭০০ জনকে আসামি করা হয়। এই নিয়ে এপর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাতে রংপুরের তারাগঞ্জে রূপলাল দাস ও প্রদীপ লাল নামের দুই ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় এর আগে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার সয়ার ইউনিয়নের বালাপুর এলাকার এবাদত হোসেন (২৭), বুড়িরহাট এলাকার আক্তারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩) ও রহিমাপুরের মিজানুর রহমান (২২)।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ফারুক বলেন, তথ্য প্রযুক্তি, ভিডিও বিশ্লেষণ ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মিলিয়ে ঘটনাটির সঙ্গে জড়িত শাহজালালকে সমবার দিনগত রাতে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারেরও অভিযান চলছে।
আজকালের কন্ঠ/আর বি/এম