Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৫, ২০২৫ , ৮:২১ অপরাহ্ণ

জানুয়ারীর শুরুতেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : জানুয়ারির শুরুতেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেছেন, “প্রাথমিকের বইয়ের টেন্ডার চলছে। আগামী জানুয়ারির প্রথমেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া সম্ভব হবে।”

সোমবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রাথমিকে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিধান রঞ্জন বলেন, শিক্ষকদের পারফরমেন্স খুব ভাল না হলেও মোটামুটি ভাল।

বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিভাবকদের নিয়ে স্থানীয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার কথা বলেছেন গণশিক্ষা উপদেষ্টা।

এ সময় নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা ফজলে এলাহীসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা কেন্দুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন

পরে বিধান রঞ্জন রায় শহরের সাতপাই এলাকায় প্রয়াত অধ্যাপক যতীন সরকারের শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দেন।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন