Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৫, ২০২৫ , ১০:৫৭ পূর্বাহ্ণ

৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

লেখকঃ আজকালের কণ্ঠ

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি) শিক্ষার্থীরা।

রবিবার (২৪ আগষ্ট, ২০২৫) দুপুর পৌনে ১ টায় মহাসড়ক অবরোধ শুরু করেন তারা।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা -কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে সারি সারি যানবাহন দাড়িয়ে থাকতে দেখা যায়। এতে তীব্র ভোগান্তিতে পড়তে দেখা যায় যাত্রীদের।

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে,— বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং ২০০ একর জমি অধিগ্রহণ। এই তিন দফা দাবি আদায়ে ২৫ দিন যাবৎ আন্দোলন করে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য বাজেট পেয়েছে। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ আমলের মত এখনো অবহেলিত। তাই আমরা রাজপথ বেছে নিয়েছি। রাজপথে দাবি আদায় মাধ্যমে আমর ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ।”

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম নাহিদ বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় তার সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবথেকে কম সুযোগ, সুবিধাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়। ২৫টি বিভাগে প্রায় ৯হাজার শিক্ষার্থী নিয়ে মাত্র দুইটি অ্যাকাডেমিক ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস কার্যক্রম চালাতে হিমশিম খায় আমাদের শিক্ষকবৃন্দ। বেশিরভাগ বিভাগেই সেশনজটের কারণে ৬টি ব্যাচ নিয়ে একটিমাত্র কক্ষে ক্লাস হয়। এই সংকট বাদেও আাবসন, পরিবহন সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত দক্ষিনবঙ্গের এই বিদ্যাপিঠ। একটা বিভাগীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও অপরিমিত বাজেট প্রদান, উন্নয়ন উন্নয়ন বলে মুলা ঝুলানোর এক নগ্ন খেলার স্বীকার ববি। আমরা চাই দায়িত্বশীল কর্তৃপক্ষ আমাদের প্রতি হওয়া বৈষম্যের অবসানে কাজ করবে।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল বলেন, “সরকার আমাদের ৩ কোটি টাকার প্রকল্প দিয়েছে, পিডি নিয়োগের প্রক্রিয়া চলমান খুব দ্রুত সময়ের মধ্যে পিডি নিয়োগ দিয়ে আমরা কাজ শুরু করতে চাই এবং শিক্ষার্থীদের যে দাবি এগুলো যৌক্তিক আমরা এই বিষয়গুলো উপরের কর্তৃপক্ষকে জানিয়েছি।”

প্রিন্ট করুন