Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৩, ২০২৫ , ৪:৩৮ অপরাহ্ণ

লাজ ফার্মাকে জরিমানা, অভিযোগকারী পেলেন ১ লাখ ২৫ হাজার টাকা

লেখকঃ আজকালের কণ্ঠ

অনলাইন ডেস্ক : খুলনার সোনাডাঙ্গায় লাজ ফার্মা থেকে ভেজাল ও নকল ওষুধ কিনে প্রতারিত হয়েছিলেন মো. সাইফুল্লাহ আল রাব্বি। ওই অভিযোগের ভিত্তিতে খুলনার রয়্যাল মোড়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেন। সেই জরিমানার ২৫ শতাংশ টাকা তুলে দেওয়া হল অভিযোগকারীকে।

বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার অভিযোগকারী মো. সাইফুল্লাহ আল রাব্বির হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, এ বছরের মে মাসে মো. সাইফুল্লাহ আল রাব্বি নামে একজন ভোক্তা তার মায়ের জন্য চুলকানি নিরাময়ের জন্য একটি লোশন ক্রয় করেন। যেটি ফিলিপাইনের তৈরি বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আসলে পণ্যটি ঝিনাইদহের একটি ভুয়া প্রতিষ্ঠানের তৈরি। সন্দেহ হলে বিষয়টি নিয়ে তিনি ওই মাসের ৩১ তারিখে ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ জানান।

তিনি আরও বলেন, সেই অভিযোগের ভিত্তিতে কার্যালয়ে ৩টি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ১৮ আগস্ট খুলনা রয়েল মোড়ে লাজ ফার্মায় অভিযান চালায় ভোক্তা অধিকার। ওষুধসহ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ারের প্রতিনিধি মো. তানভীর আহমেদ পলাশকে নকল ও ভোজাল ওষুধসহ ভোক্তা অধিকারের কর্মকর্তারা ধরে ফেলে। পরবর্তীতে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিদপ্তরের এই খুলনা বিভাগীয় উপ-পরিচালক বলেন, বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা অনুযায়ী ২৫ শতাংশ হিসেবে অভিযোগকারীর হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন