Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২২, ২০২৫ , ৪:০০ অপরাহ্ণ

কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের (৫০) বাড়ি থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল রাতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এসময় তারা ঘরের সদস্যদের জিম্মি করে অমানবিকভাবে মারধর করে। স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারকে বেধড়ক মারধর করার পর তিনি অচেতন হয়ে পড়লে ডাকাতরা তার হাত-পা মশারি দিয়ে বেঁধে ফেলে। পরে তার স্ত্রী ও দুই সন্তানকেও মারধর করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

আহত নিখিল কর্মকারসহ পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী নিখিল কর্মকার সাংবাদিকদের বলেন, “ডাকাতরা খুব দ্রুত সবকিছু ছিনিয়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে মারধর শুরু করে। আমার স্ত্রী ও সন্তানদেরও ছাড়েনি।”

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “পূর্ব শত্রুতার জেরেও এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ডাকাতির ঘটনায় কলাপাড়ার সাধারণ মানুষ পুলিশি টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন