Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২৫ , ১২:১৭ অপরাহ্ণ

ধামরাইয়ে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন!

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসীদের হামলায় দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত সিফাত (১৯) বর্তমানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অপর আহত যুবক সজল (১৯) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে কাওয়ালীপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় আহত সিফাতের মা শিরিন আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়, গত সোমবার বিকেলে জালসা উচ্চ বিদ্যালয়ের পাশে দেশীয় অস্ত্রসজ্জিত সন্ত্রাসীরা সিফাত ও সজলের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সিফাতের ভাই শিহাব হাসান অভিযোগ করে বলেন, “আমার ভাইকে শ্রাবনসহ ১০-১২ জন মিলে মারধর করে। একপর্যায়ে তার বন্ধু এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে কিল-ঘুষি মারার পর ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে আমার ভাইয়ের ফুসফুসে আঘাত লেগেছে। বর্তমানে সে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়ছে। আমরা থানায় মামলা করেছি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার চাই।”

সিফাতের মা শিরিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে এখন লাইফ সাপোর্টে। ডাক দিলেও সাড়া দেয় না। যারা এভাবে আমার ছেলেকে ক্ষতবিক্ষত করেছে, তাদের বিচার চাই।”

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার প্রতিবাদে ধামরাইয়ের সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা বলেন, অপরাধীরা দ্রুত আইনের আওতায় না এলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আজকালের কন্ঠ/রাহাত/সাফায়েত

প্রিন্ট করুন