Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২০, ২০২৫ , ১২:০৯ অপরাহ্ণ

ঐক্যবদ্ধ ছাত্রদল গড়ার শপথ মোহাম্মদপুর কর্মী সম্মেলন

লেখকঃ আজকালের কণ্ঠ

বিশেষ প্রতিনিধি : মাদক ও চাঁদাবাজমুক্ত মোহাম্মদপুর গড়ার প্রতিজ্ঞা ছাত্রদল নেতাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এ সম্মেলন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মঙ্গলবার (১৯আগস্ট) বিকালে মোহাম্মদপুর চাঁদ উদ্যানে ছাত্রদলের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ঢালী। প্রধান বক্তা ছিলেন মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। সম্মেলনের সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা আহ্বায়ক মোহাম্মদ বশির উল্লাহ বশির এবং সঞ্চালনা করেন সাকিবুল বাবু। সহ-সঞ্চালনায় ছিলেন আনিসুল হক টিপু।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, সংক্ষিপ্ত মোনাজাত, দলীয় সংগীত পরিবেশন ও জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।

মোহাম্মদপুর থানা আহ্বায়ক মোহাম্মদ বশির উল্লাহ বশির শুভেচ্ছা বক্তব্যে বলেন— “ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন। রাজপথে পরীক্ষিত যোদ্ধারা সব সময় স্বৈরাচার ও ষড়যন্ত্র মোকাবিলা করেছে। এসো নবীন, ভয় নেই—ছাত্রদলে ভয় নেই। আমার ছাত্রদলে কোনো খুনি, চাঁদাবাজ বা স্বৈরাচারের জায়গা হবে না। এই মোহাম্মদপুর একদিন সবার সামনে মডেল হিসেবে দাঁড়াবে।”
তিনি জুলাই গণআন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে বলেন— “সেই সময়ে আমরা কলা-রুটি খেয়ে আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। আজও আমরা মাদক ও চাঁদাবাজদের দাঁত ভেঙে ফেলার শপথ নিয়েছি। মোহাম্মদপুরকে আমরা শান্তি ও সুন্দর পরিবেশের প্রতীক হিসেবে গড়ে তুলব।”

তিনি নবীন সদস্যদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন— “তোমরাই আগামী দিনের নেতৃত্ব। তোমরাই ছাত্রদলের প্রাণ। ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরশাসক বা চাঁদাবাজ আমাদের দমন করতে পারবে না। আমাদের দল মানুষের কল্যাণে, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।”

বিশেষ অতিথি আতাউর রহমান ঢালী বলেন— “ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে ছাত্রদল প্রস্তুত। বিএনপি বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল হলেও জনগণ আজও বিএনপির সঙ্গে রয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে তাদের প্রতিহত করতে হবে।”

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন— “ছাত্রদলের হাত ধরেই আগামীতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের লক্ষ্য চাঁদাবাজিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা।”
প্রধান অতিথি রবিন খান বলেন— “আগামী প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। ছাত্রদল কখনো পালায়নি, পালাবে না। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব। জনগণের পাশে থেকে আগামী দিনেও লড়াই চালিয়ে যাব।”

সাবেক ছাত্রনেতা কামরুল জামান জুয়েল নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন— “যারা আজ কমিটিতে দায়িত্ব পেয়েছে, তাদের সঙ্গে সবাই একাত্ম হয়ে কাজ করবে। আমাদের লক্ষ্য দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।”

সম্মেলনের সমাপনী বক্তব্যে আহ্বায়ক বশির উল্লাহ বশির আবারও প্রতিজ্ঞা উচ্চারণ করেন— “মাদক ও চাঁদাবাজমুক্ত মোহাম্মদপুর গড়াই আমাদের অঙ্গীকার। ঐক্যবদ্ধ ছাত্রদল গড়ার মাধ্যমে আমরা আগামীর সংগ্রামে বিজয়ী হব।” সম্মেলনে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করে তোলে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন