Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৮, ২০২৫ , ৩:৩৮ অপরাহ্ণ

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক শেখ আবু তালেবের দাফন সম্পন্ন

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃ কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক শেখ আবু তালেবের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৫০ বছর।আজ রবিবার মাগরিব বাদ তার নিজ বাড়ি গন্ডব গ্রামের ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

জানাজা নামাজে অংশ নেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো মনিরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি মন্ডল, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোর্শেদ জাফল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমসহ প্রমুখ।

এছাড়াও জেলা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ শতশত সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।রোববার (১৭ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, ভোর ৪টার দিকে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থতা অনুভব করলে তাকে কারা অধিদপ্তরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে ল্যাবএইড হাসপাতাল এবং সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।

আবু তালেব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের মো. মগবুল শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অমায়িক, সহজ-সরল ও পরোপকারী ব্যক্তি ছিলেন।

বর্তমানে তিনি কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সের এআইজি প্রশাসনিক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা কারাগারে জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি সাতক্ষীরা, নাটোর, যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবনে নড়াইলের লোহাগড়া থেকে উঠে আসা আবু তালেব জীবনের শুরুতে নানা কষ্টের মধ্য দিয়ে পথ চলেছেন। যশোর এম এম কলেজে পড়াশোনা শেষে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি তৎকালীন ডেপুটি জেলার পদে যোগদান করেন। সেখান থেকে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ এআইজি (প্রিজন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর হঠাৎ মৃত্যুতে কারা প্রশাসনসহ সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

আজকালের কন্ঠ/আর এস/ইমরান

প্রিন্ট করুন