Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৮, ২০২৫ , ২:১৪ অপরাহ্ণ

কুয়েতে নিষিদ্ধ ভিক্ষাবৃত্তিতে বাংলাদেশিসহ ১৪ নারী আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান ও ১ জন সিরিয়ান নারী রয়েছেন।

গত (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। অভিযানটি পরিচালিত হয় প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসন খাতের প্রধানের নেতৃত্বে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমাজে নেতিবাচক কর্মকাণ্ড দমন, শ্রম ও আবাসন আইন কঠোরভাবে প্রয়োগ এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করা হচ্ছে।

আটক নারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২ অনুযায়ী, এ অপরাধের দায়ে অভিযুক্ত নারী এবং তাদের স্পনসর উভয়েরই নির্বাসন বাধ্যতামূলক।মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ড দমন করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া কুয়েতি কর্তৃপক্ষ মনে করছে, ভিক্ষাবৃত্তিতে জড়িতদের ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশ করলে ভবিষ্যতে অনেকেই এ ধরনের কাজে জড়াতে নিরুৎসাহিত হবেন।

উল্লেখ্য, কুয়েতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভিক্ষাবৃত্তি। এ অপরাধে ধরা পড়লে কঠোর শাস্তির পাশাপাশি সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

 

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন