Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৭, ২০২৫ , ৪:৫৫ অপরাহ্ণ

নবীনদের বরণে উৎসবমুখর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ। ৫৮ একর জুড়ে সাজানো হয়েছে রঙিন কাগজ আর রংতুলিতে, যেনো এক নব নব সাজে মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সদ্য সিনিয়র হওয়া ১৮তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা আয়োজন করেছে নবীন বরণ, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় আনুষ্ঠানিক ওরিয়েন্টেশনের মাধ্যমে নবীনদের বরণ করে নেয়া হয়। পাশাপাশি প্রতিটি বিভাগ থেকেও নানা আয়োজনে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। সকাল ৯টা থেকেই নবীনদের পদচারণায় চুরুলিয়া মঞ্চ, জয়ধ্বনি মঞ্চ, চক্রবাক ক্যাফেটেরিয়া, নজরুল ভাস্কর্যসহ পুরো ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণচঞ্চল।

শাহরিয়ার নামের এক নবীন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “প্রথমে খুব টেনশন হচ্ছিলো, কোথায় থাকবো কী করবো ভেবে। কিন্তু সিনিয়র ভাইদের সহযোগিতায় সব সহজ হয়ে গেছে। প্রথমে অস্বস্তি হলেও ব্যাচমেটদের সঙ্গে পরিচয়ের পর অনেক ভালো লাগছে। আমাদের জন্য এতো আয়োজন দেখে ভীষণ আনন্দিত।”

আরেক নবীন শিক্ষার্থী সামিরা জানান, “আজকের দিনটা জীবনের অন্যতম সুন্দর একটি দিন। কাঙ্ক্ষিত বিভাগে ভর্তি হতে পেরে আনন্দটা আরও বেড়েছে। আব্বু-আম্মুর সাথে এসে ক্যাম্পাস ঘুরে অনেক উপভোগ করছি। সবার ব্যবহার খুবই ফ্রেন্ডলি, আশা করি এখানকার সময়টা দারুণ কাটবে।”

শিক্ষার্থীদের সঙ্গে আসা এক অভিভাবক বলেন, “ঢাকা থেকে এসেছি, সহজ যোগাযোগব্যবস্থার কারণে আসতে কষ্ট হয়নি। আজকের দিনটি আমাদের সন্তানের জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিশ্ববিদ্যালয়ের পরিবেশও সুন্দরভাবে সাজানো হয়েছে। আশা করি এখান থেকে তারা ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারবে।”উৎসবমুখর এই নবীন বরণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি পুরো ক্যাম্পাসকে করেছে প্রাণবন্ত।

 

আজকালের কন্ঠ/আর এস/শাহেদ

প্রিন্ট করুন