কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে বেসিক ব্যাংক মহিপুর শাখার ব্যবস্থাপক জি. এম. মফিজুর রহমান’র বিরুদ্ধে অসদাচরণ, অশোভন আচরণ, বদমেজাজী ব্যবহার ও মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ এনে তার বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে মহিপুর বেসিক ব্যাংক শাখার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক গ্রাহক অংশ নেন। এ সময় তারা ম্যানেজারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে অবিলম্বে তাকে অন্যত্র বদলির দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহক বাবুল গাজী অভিযোগ করে বলেন, “একটি সাধারণ কাজের জন্য ব্যাংকে গেলে ম্যানেজার আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। সমস্যার সমাধান না করে উল্টো গ্রাহককে অপমান অপদস্ত করেন।”
মিজু মাঝি অভিযোগ করে জানান, “ম্যানেজারের কারণে মহিপুর শাখার পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সবসময় তিনি রাগারাগি করেন। নিজেই বলেন—ব্যাংকের পদস্থ কর্মকর্তার সাথে তার ছাত্রজীবনের রাজনৈতিক সম্পর্কের কারণে তাকে নাকি সহজে বদলি করা যাবে না। এতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
গ্রাহক রিপন মুসুল্লি বলেন, “মহিলাদের সাথেও তিনি অশোভন আচরণ করেন। ব্যাংকে গেলেই মনে হয় আমরা যেন তার শত্রু। এ ধরনের আচরণে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি।”
অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ী গ্রাহক মনিরুল ইসলাম বলেন, “আমরা ব্যাংকে সেবা নিতে যাই, অপমানিত হতে নয়। তাই অবিলম্বে তাকে বদলির দাবি জানাই।”
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, শাখা ব্যবস্থাপক জি. এম. মফিজুর রহমান নিয়মিত গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এতে ব্যাংকের সেবা ব্যাহত হচ্ছে এবং গ্রাহকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষের কাছে তার বদলির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রাহকরা।
মানববন্ধনে বেসিক ব্যাংক মহিপুর শাখার প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মহিপুর বেসিক ব্যাংক শাখার ব্যবস্থাপক জিএম মফিজুর রহমান বলেন,
“যারা মানববন্ধন করেছেন তাদের মধ্যে অনেকেই আমার কাছে অনৈতিক দাবি নিয়ে এসেছিলেন। সেই দাবি আমি পূরণ করতে না পারায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমি কখনোই ছাত্রলীগ করিনি এবং আমার বাবা উপজেলা চেয়ারম্যানও ছিলেন না। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
আজকালের কন্ঠ/রাহাত/মিজান