Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৩, ২০২৫ , ৮:১৬ অপরাহ্ণ

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ছাদ ধস: সরেজমিনে তদন্ত করলো ইউজিসি

লেখকঃ আজকালের কণ্ঠ

নজরুল বিশ্ববিদ্যালয়: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্রাবাসে ছাদ ধসের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি তদন্ত কমিটি। রোববার (৩ আগস্ট) দুপুরে ইউজিসির প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পূর্ব পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার এক্সটেনশন ভবন (পার্কিং) অংশ পরিদর্শনে আসেন।

তদন্ত কমিটির নেতৃত্ব দেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ও কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক (প্রকৌশল) তানভির মোরশেদ, অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা এবং সিনিয়র সহকারী পরিচালক (প্রকৌশল) মোশারফ হোসেন।

পরিদর্শনে তারা ছাদ ধসের কারণ অনুসন্ধানে নির্মাণসাইটে খুঁটির সংখ্যা, দূরত্ব, নির্মাণ সামগ্রী ও নকশা অনুযায়ী কাজ হয়েছে কি না, এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তারা নির্মাণ এলাকার ছবি ও ভিডিও ধারণ করে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেন।

পরিদর্শন শেষে মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, “নির্মাণে খুঁটির যথাযথ ব্যবহার হয়নি এবং বাঁশের ব্যবহার নীতিমালার বাইরে। ঢালাইয়ের আগে চেকলিস্ট বা ক্লিয়ারেন্সের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন পেশ করা হবে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্মাণ সংশ্লিষ্ট সব নথিপত্র চাওয়া হয়েছে। যাচাই করে কনসালট্যান্ট, বাস্তবায়নকারী সংস্থা ও অনুমোদন প্রক্রিয়ার স্বচ্ছতা পর্যালোচনা করা হবে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র সহকারী পরিচালক (প্রকৌশল) মোশারফ হোসেন বলেন, “রডের বিন্যাস নকশা অনুযায়ী হলেও প্রপিং, স্টেজিং ও স্ক্যাফোল্ডিংয়ের ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করা হয়নি। কিছু স্থানে বেআইনিভাবে বাঁশ ব্যবহার হয়েছে এবং ডেসিং ছিল অপর্যাপ্ত। নিরাপত্তা সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট নথিও পাওয়া যায়নি।”

কমিটির প্রধান আরও বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ওই ছাত্রাবাসের পার্কিং এক্সটেনশনের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

 

আজকালের কন্ঠ/আর এস /শাহেদ

প্রিন্ট করুন