Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১০, ২০২৫ , ১১:২৪ পূর্বাহ্ণ

চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধা কমান্ডারকে মারধরের অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদা না দেয়ায় এক মুক্তিযোদ্ধা‌ কমান্ডাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ( ৮ আগস্ট) রাত ১১ টার দিকে জোরারগঞ্জ থানার ৩ নং ওয়ার্ড উত্তর তাজপুর জয়নালের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা কমান্ডার গনি আহমেদ জানান, খালেদা জিয়াকে কেন গালি দিয়েছি বলেই তারা আমাকে মারধর শুরু করে। অথচ আমি কখনোই খালেদা জিয়াকে গালি দিই নাই। আমি খালেদা জিয়াকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করি। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠকারী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী ও দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী উনাকে আমি সম্মান করি।

মূলত তারা বেশ কিছুদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছে। এছাড়া আমার একমাত্র দোকাঘরটি জোরপূর্বক ভাড়ার নামে দখলের চেষ্টা করছে তারা।‌ তাদেরকে চাঁদা ও দোকানঘর ভাড়া না দেওয়ায় একটি ইস্যু তৈরি করে আমাকে মারধর করেছেন। মারধরের ঘটনায় মুক্তিযোদ্ধা গনী আহমেদ বাদি হয়ে স্থানীয় বিএনপির ৪ অনুসারী ফারুক, লিটন, জসিম উদ্দিন, কাশেম কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে স্থানীয় দাউদ নামে এক ব্যক্তি এই প্রতিনিধিকে ফোনে জানান, মুক্তিযোদ্ধার গনি আহমদের উপর কো‌ন‌ হামলার ঘটনা ঘটে নাই। তিনি দুই বছর আগে একটি চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার সময় খালেদাজিয়াকে নোংরা ভাষায় মন্তব্য করেছিলেন। সেই বিষয়ে তাকে শুধু জিজ্ঞাসাবাদ করেছে স্থানীয় কিছু ব্যক্তি। সেখানে দোকান ভাড়া কিংবা চাঁদাবাজির কোন বিষয় ছিল না।

জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, মুক্তিযোদ্ধা কমান্ডারকে মারধরের ঘটনায় রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে হামলাকারী কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই অনুযায়ী আমরা কাজ করছি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন