Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১০, ২০২৫ , ১১:১৭ পূর্বাহ্ণ

মাদারীপুরের শিবচরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ৪ নেতার পদত্যাগ

লেখকঃ আজকালের কণ্ঠ

এস এম তানবীর : মাদারীপুর শিবচরে জাতীয় নাগরিক পার্টির শিবচর উপজেলা কমিটির ৪ সদস্য পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেল ৫ টার দিক শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন। এসময়ে উক্ত কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মোঃ রিয়াজ রহমান, মহিউদ্দিন, কাজী রফিক একসাথে পদত্যাগ করেন।

এ সময় তারা বলেন, আমরা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দেশের কল্যাণ এবং একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এ সংগঠনে যোগ দিয়েছিলাম। পরবর্তীতে এই কমিটি রাজনৈতিক সংগঠন “জাতীয় নাগরিক পার্টি (এমসিপি)” নামে পরিচিতি লাভ করলে, আমরা স্বয়ংক্রিয়ভাবে উক্ত দলে অন্তর্ভুক্ত হয়ে যাই।

দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করছি যে, শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যাস্ত করা হয়েছে, যাঁরা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য। এর ফলে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয়।
আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি। কোটা আন্দোলনসহ বিভিন্ন সময়ের গণআন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। যদিও রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা সীমিত, তবুও দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা দলে যুক্ত হয়েছিলাম। কিন্তু বর্তমান দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও যোগাযোগ রক্ষার প্রয়োজনে পারিবারিক সম্পর্কে টানাপোড়েনও সৃষ্টি হয়েছে।

এই প্রেক্ষাপটে, দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তাভাবনার পর আমরা সজ্ঞানে ও সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক পাটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই।

আমাদের দ্বারা যদি কোনো অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হয়ে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের নিকট ক্ষমাপ্রার্থী। শিবচর বাসীর কাছেও আমরা আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। আমাদের কর্মকাণ্ডে যদি কারও মনে আঘাত লেগে থাকে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত-দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজকালের কন্ঠ/রাহাত/তানবীর

প্রিন্ট করুন