জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রদলের হল কমিটিতে প্রীতিলতা হলের সভাপতি হুমায়রা মারিওম হিমি ও নবাব ফয়জুন্নেসা হলের সাধারণ সম্পাদক হিসেবে উম্মে হাবিবা বেলী পদ পেয়েছেন। তবে পদ পাওয়ার তারা দুজনের কেউই জানতেন না বলে দাবি করেন তারা।
উন্মে হাবিবা বেলী বিশ্বিবদ্যালয়ের আইন ও বিচার বিভাগ ও হুমায়রা মারিওম হিমি ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থী। এর মধ্যে উম্মে হাবিবা বেলী বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছেন না।
হুমায়রা মারিওম হিমি বলেন, আমি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমার সিভি এক বন্ধুর মাধ্যমে অন্য বন্ধুকে দিয়ে তাদের কাছে পাঠায়। আমি পদ নেওয়ার ব্যাপারে জানতাম না ও আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নই। আমি ক্যাম্পাসে এখন অনুপস্থিত তা সত্বেও আমাকে হল কমিটির সভাপতি করা হয়েছে।
নবাব ফয়জুন্নেসা হলের সাধারণ সম্পাদক উম্মে হাবিবা বেলী বলেন, আপু এসে আমাকে বলে হলের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তারপর আমি বলি হলের বিষয় হলে সমস্যা নাই, পরে একদিন আপু বলে তোমার একটা ছবি দাও। কিন্তু আমাকে বলেনি ছাত্রদলের কমিটির জন্য ছবি নিয়েছে, পরে এক ভাই আমাকে একদিন ফোন দিলে আমি বলি কমিটিতে থাকতে চাই না। হঠাৎ করে কালকে দেখি আমাকে কমিটিতে রাখা হয়েছে, আমাকে না জানিয়েই পদ দেয়া হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা গত রমজানে সদস ফর্ম বিতরণ করি, সেখানে তারা সদস্য ফর্ম পূরণ করেছে। আমরা সেখান থেকে যাচাই বাচাই করে তাদেরকে কমিটিতে রেখেছি। আমাদের কাছে তাদের পর্যাপ্ত পরিমানে ডকুমেন্ট রয়েছে।
ইতোমধ্যে তারা শাখা ছাত্রদলের কোনো কর্মসূচীতে ছিলেন কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই আছে যারা কর্মসূচীতে আসে না কিন্তু পদ প্রত্যাশী তাদেরকেও আমরা কমিটিতে রেখেছি।
উল্লেখ্য গত (০৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হলে শাখা ছাত্রদল হল কমিটি গঠন করে একই দিনে শাখা ছাত্র দলের কমিটিও বর্ধিত করা হয়।
আজকালের কন্ঠ/রাহাত/ইমন