Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৮, ২০২৫ , ১:০২ অপরাহ্ণ

আইসিইউতে লড়ছেন মুমূর্ষু ইঞ্জি. মোশাররফ, আবারও প্রধান উপদেষ্টা বরাবর স্ত্রীর চিঠি

লেখকঃ আজকালের কণ্ঠ

মিরসরাই প্রতিনিধি : সাবেক গণপূর্তমন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করে দ্রুত জামিন এবং উন্নত চিকিৎসার আকুল আবেদন জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বরাবর চিঠি দিয়েছেন তাঁর স্ত্রী আয়েশা সুলতানা।

বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় এ চিঠি গ্রহণ করে। চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো–

মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আমার স্বামী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৫ ই আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ রাতেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে ভর্তি করে। পরিস্থিতি অবনতি হলে আইসিউতে পাঠানো হয়। চিকিৎসার প্রতি অবহেলায় তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে মৃত্যুর সাথে বেঁচে থাকার লড়াই করছেন।

বিগত ২৭ অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় আমার অসুস্থ স্বামী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। পরবর্তীতে তাকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উনি বিগত কয়েকবছর যাবৎ হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শারিরীক ভারসাম্যহীনতা, ডায়বেটিস সহ জটিল এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আপনাকে খোলা চিঠির মাধ্যমে অবগত করেছিলাম, তা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। কারাগারে নেয়ার পর তার শারিরীক অবস্থা আরো অবনতি হয়, গেলো ১৪ ই জানুয়ারি তাকে চট্টগ্রাম কারাগারে আনা হলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি)-তে পাঠানোর সুপারিশ করেন। এরপর একাধিকবার তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন কারাগারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা প্রতিনিয়ত উনার শারীরিক অবস্থা পত্র মারফত আপনার দপ্তরে, আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা, কারা মহাপরিদর্শক এর দপ্তরে অবগত করেছি। কিন্তু আমরা কি মানবিক সাড়া পেয়েছি তার চিকিৎসার প্রতি? সর্বশেষ দুইবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) তে উনাকে চিকিৎসার জন্য কারাগার থেকে প্রেরণ করা হয়। একবার চিকিৎসা না নিয়েই, আরেকবার কিছু পরীক্ষা নিরীক্ষা করে কারাগারে নিয়ে যাওয়া হয়। তখনো যদি উনার সুচিকিৎসা দেয়া হত আজকের এই নাজুক পরিণতি হত না। তিনি মারাত্মক নিউমোনিয়ায় কাবু হয়ে পড়েছেন, হ্রদরোগ, কিডনী রোগ সহ নানাবিধ রোগ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।

বারবার আহবান জানানোর পরও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর চিকিৎসার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে মানবিক সাড়া পাইনি। অবহেলা, অযত্নে তিনি আরো বেশী নাজুক হয়ে হাসপাতালে এখন মৃত্যুর শয্যায়। তাই মহোদয় এর কাছে আকুল আবেদন তার এই ক্রান্তিকালে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যেন জামিন প্রদান করা হয়। এতে আমরা বাধিত থাকব।

সবিনয় নিবেদক-
আয়েশা সুলতানা
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী

উল্লেখ্য, এর আগেও স্বামী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মুক্তি চেয়ে গেলো ৩০ অক্টোবর (বুধবার) প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দিয়েছিলেন তাঁর স্ত্রী আয়েশা সুলতানা। তবে এতে কোনো সাড়া মেলেনি।

এ ছাড় গেলো ২৫ জুলাই (বৃহস্পতিবার) অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছেও চিঠি দিয়েছিলেন আয়েশা সুলতানা। সেখানে তিনি উল্লেখ করেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গেলো বছর দেশের পটপরিবর্তনের পর থেকে দেশেই অবস্থান করেছেন এবং জামিন পেলে দেশেই থাকবেন। তিনি আইন মেনে চলা একজন মানুষ এবং চিকিৎসার জন্য পরিবারের জিম্মায় মুক্তি পেলে আমরা দ্রুত তাঁর সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করব।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন