কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘এফবি সাগরকন্যা’ নামের মাছ ধরার ট্রলারটি প্রায় ১২ দিন পর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে।
ট্রলারের সাথে উদ্ধার করা হয়েছে নিখোঁজ জেলেদের একজন ফজলে আলীর (৫৫) মরদেহ।
বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ভেসে আসে ট্রলারটি। স্থানীয়রা ট্রলারটির ভেতর একটি মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কুয়াকাটা নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশকে খবর দেন।
উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত করেন নিহতের ভাই ইদ্রিস হাওলাদার। নিহত ফজলে আলী (৫৫) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
এর আগে, একই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা আরেক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছিল। উল্লেখ্য, গত ২৬ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরার সময় ১৫ জেলেসহ ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন ৬ জন। এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার হলেও, এখনও নিখোঁজ রয়েছেন চারজন।
এ ঘটনায় এলাকাজুড়ে আবারও শোকের ছায়া নেমে এসেছে।
এ প্রসঙ্গে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ মণ্ডল বলেন, “ঘটনাস্থলে এসে আমরা ট্রলারটি উদ্ধার করেছি। ট্রলারের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার পরিচয় শনাক্ত হয়েছে ফজলে আলী নামে। তার ভাই ইদ্রিস হাওলাদার মরদেহ শনাক্ত করেছেন। আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে আসছেন। আইনগত প্রক্রিয়া অনুসরণে আমরা পদস্থ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করছি।”
আজকালের কন্ঠ/রাহাত/মিজান