জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর-নোয়াখালী সীমানার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৭ সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন ৪ শিশু ও ৩ নারী। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি একজন ওমান ফেরত প্রবাসীকে এয়ারপোর্ট থেকে বাড়ি নিয়ে আসিলো।
আজ (৬ আগস্ট) সকালে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদ থেকে সামান্য দূরে, নোয়াখালী অংশে প্রবেশের পরপরই মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওমান ফেরত এক প্রবাসীকে আনতে ঢাকায় গিয়েছিলেন একই পরিবারের ১০ সদস্য। ফেরার পথে মাইক্রোবাসের চালক ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা পুরুষ যাত্রীরা—প্রবাসীসহ ৪ জন—তড়িঘড়ি করে কোনোভাবে বেরিয়ে আসতে পারলেও পানির গভীরতার কারণে গাড়িতে আটকে পড়ে শিশুরা ও মহিলারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক থেকে দেড় ঘণ্টার চেষ্টায় একে একে উদ্ধার করে ৭ জনের মরদেহ। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, উদ্ধারকৃত সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
আজকালের কন্ঠ/রাহাত/জাকির