Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৫, ২০২৫ , ৮:২২ অপরাহ্ণ

স্বৈরাচার পতনের ১ বছর পূর্তিতে জাবিতে আনন্দ শোভাযাত্রা

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : শেখ হাসিনার পতনের এক বছর পূর্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে ’অদম্য-২৪’ এর সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

আনন্দ শোভাযাত্রা শুরুর আগে শহীদ মিনারে বাংলাদেশের জাতীয় সংগীত সমবেত কণ্ঠে গাওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আনন্দ শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করেন।

আনন্দ শোভাযাত্রায় ’তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ’পলাইছে রে পলাইছে, খুনি হাসিনা পলাইছে’ ’বিচার বিচার বিচার চাই, আওয়ামীলীগের বিচার চাই’সহ বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। আনন্দ শোভাযাত্রা শেষে হাসিনার পতনের এক বছর পূর্তিতে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ শোভাযাত্রা উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, স্বৈরাচার পতনের এক বছর পূর্তিতে আমি বলতে চাই এই অর্জন রক্ষা করা জরুরি। আর এই অর্জনকে রক্ষা করার জন্য সবচাইতে বেশি দরকার ব্যক্তি চরিত্রকে সংস্কার করা। প্রত্যেক মানুষ আরেকটি মানুষ ভালো হবে সে জন্য অপেক্ষা করতে থাকে আর এজন্য এই জাতির কোনো পরিবর্তন হয়নি। ৭১, ৯০ এর পর ২৪ এসেছে শুধু এই চারিত্রিক দুর্বলতার কারণে। একজন মানুষের ত্রুটি থাকবে খুব স্বাভাবিক, কিন্তু ত্রুটি থেকে মুক্ত হবার অঙ্গীকার থাকা খুব জরুরি।

তিনি আরও বলেন, ’২৪ এর অর্জন ধরে রাখতে হলে বৈচিত্র্যের নামে বিভাজন থেকে বের হয়ে আসতে হবে। প্রতিবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জায়গায় নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি। আসুন সবাই মিলে দেশটাকে পরিবর্তনের দিকে নিয়ে যায়।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম’সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারী প্রমুখ।

 

আজকালের কন্ঠ/আর এস/ জাবি

প্রিন্ট করুন