Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩, ২০২৫ , ১২:১০ অপরাহ্ণ

কলাপাড়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগম জানান, গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল তাদের বাড়ির প্লাস্টিকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে আলমারি ও ঘর তছনছ করে প্রায় এক লাখ টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এর আগে গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাড়িতে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। সেসময় ডাকাতরা ওই বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ঘন ঘন ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, “রাতভর ফোরলেন এলাকায় পুলিশ টহলে ছিল। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজকালের কন্ঠ/রাহাত/মিজান

প্রিন্ট করুন