কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ এবং পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা সৈকতের মিরাবাড়ি পয়েন্ট থেকে নজরুল ইসলামের লাশ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এর মধ্যে মিরাপয়েন্টে কালো রঙের রেইনকোট পরিহিত লাশটি তার ছেলে শনাক্ত করেছেন। গঙ্গামতিতে উদ্ধার হওয়া অন্য ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। উদ্ধার হওয়া লাশ দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবে যায়। চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।