Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩০, ২০২৫ , ১২:৫১ অপরাহ্ণ

কলমাকান্দার মহাদেও নদে বালু উওোলনের দায়ে জরিমানা ও বালু জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নৌকা মালিক কাসেমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। কাসেম ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে লিখিত মুচলেকা দেন এবং জরিমানার টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় প্রায় ২৫০ ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মহাদেও নদ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিতভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন