Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৬, ২০২৫ , ৭:৫২ অপরাহ্ণ

বাস চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত ! বিক্ষোভে সড়ক অবরোধ

লেখকঃ আজকালের কণ্ঠ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক পারাপারের সময় দ্রুতগতির বাসচাপায় মাদরাসাছাত্রী মরিয়ম আক্তার (১৪) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই ছাত্রী। শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। সে রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসা ছুটির পর সহপাঠীদের সঙ্গে রাস্তা পার হচ্ছিল মরিয়ম। এ সময় লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী ‘আনন্দ পরিবহনের’ একটি দ্রুতগতির বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। আহত দুই শিক্ষার্থী স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দেওয়ার পর বিকাল ৫টার দিকে অবরোধ তুলে নেন তারা। তবে বাসচালককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

 

আজকালের কন্ঠ/আর এস/জাকির

প্রিন্ট করুন