Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৬, ২০২৫ , ১:৪১ অপরাহ্ণ

অমাবস্যার জো ও নিম্নচাপের তাণ্ডবে কুয়াকাটা সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি, মেরিন ড্রাইভ সড়কের বড় অংশ সাগরে বিলীন

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : অমাবস্যার জো ও নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও উত্তাল ঢেউয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতসহ পার্শ্ববর্তী এলাকা ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুই দফা জোয়ারের তীব্র স্রোত ও ঢেউ সৈকতের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে।

কুয়াকাটা সৈকতের ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান এলাকা থেকে শুরু করে বেড়িবাঁধ পর্যন্ত নতুন করে ভাঙন দেখা দিয়েছে। হোসেনপাড়া সংলগ্ন সড়কের প্রায় ৩০ মিটার ভেঙে গিয়ে ওই গ্রামে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, আবাদি জমি ও ফসলি ক্ষেত।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কে। দীর্ঘদিন ধরে বালুক্ষয়ের কারণে দুর্বল হয়ে থাকা সড়কের উল্লেখযোগ্য অংশ হঠাৎ করে জলোচ্ছ্বাসে সাগরের গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা, জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে মেরিন ড্রাইভ একেবারে বিলীন হয়ে যাবে। হলে পর্যটন অবকাঠামো ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে।

ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কেও নতুন ভাঙন তৈরি হয়েছে। সৈকতের বিভিন্ন অংশে ঝাউগাছ ও নারিকেলগাছ ভেঙে পড়ে রয়েছে। দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতজুড়ে অব্যাহত বালু ক্ষয়ে মাটির স্তর উন্মুক্ত হয়ে পড়েছে, যা কুয়াকাটার প্রাকৃতিক ভারসাম্যকে গুরুতর হুমকির মুখে ফেলছে।

এছাড়া দুই দফা জোয়ারের পানিতে জেলার বেড়িবাঁধের বাইরের বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে রাঙ্গাবালী উপজেলার অন্তত ১০টি গ্রাম তলিয়ে গেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের, চিংড়ির খামার ও পুকুর। স্থানীয় জেলেরা জানান, মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গিয়ে ব্যাপক আর্থিক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের দাবি, কুয়াকাটার সৈকত ও মেরিন ড্রাইভ রক্ষায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও বালু ক্ষয়রোধে দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে না নিলে পর্যটন নগরী কুয়াকাটা চরম বিপর্যয়ের মুখে পড়বে।

 

প্রিন্ট করুন