Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৪, ২০২৫ , ৮:১০ অপরাহ্ণ

আমরা কতটা অমানবিক হয়ে গেছি: মেহজাবীন

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : সময়মতো হাসপাতালে নিতে না পারায় অগ্নিদগ্ধ ভাইকে বাঁচাতে পারেননি, এমনই এক হৃদয় বিদারক ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একজন। ‘এনএসইউ ফ্যাকাল্টি কোর্স’ নামক একটি ফেসবুক গ্রুপে এক ব্যক্তি এই দীর্ঘ পোস্ট করেছেন। যেখানে মাইলস্টোন দুর্ঘটনায় নিজের ভাইয়ের মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, বিমান দুর্ঘটনায় দগ্ধ তার ভাইকে ঠিক সময়ে হাসপাতালে নিতে না পারার অন্যতম কারণ হচ্ছে আশপাশের মানুষের ভিড় ও সুযোগসন্ধানী মানুষের নির্মম থাবা। শত শত মানুষ রাস্তা আটকে ভিডিও করছিল।

দীর্ঘ সেই হৃদয়বিদারক স্ট্যাটাসটি চোখ এড়ায়নি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী।

যেখানে তিনি লিখেছেন, আমরা কতটা অমানবিক হয়ে গেছি! দেশে অ্যাম্বুল্যান্স চলাচলের জন্য কোনো আলাদা লেন নেই, সামান্য কিছু হলেই রাস্তাজুড়ে জ্যাম, আর একটু বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা যানজট। যেই সময়টাতে সবার উচিত রাস্তাটি ফাঁকা করে দিয়ে অ্যাম্বুল্যান্সকে অগ্রাধিকার দেওয়া, সেই সময় মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকে ভিডিও করার জন্য, কনটেন্ট বানানোর লোভে। এমন এক সমাজে আমরা বাস করছি, যেখানে সাধারণ বুদ্ধির এতটাই অভাব যে, বিপদের সময় সাহায্যের চেয়ে শোরগোলটাই বড় হয়ে দাঁড়ায়।

মানুষের নৈতিকতার অধঃপতন হচ্ছে জানিয়ে অভিনেত্রী লেখেন, কিভাবে পারে এরা পানির দাম, গাড়ির ভাড়া, সব কিছু এভাবে বাড়িয়ে দিতে? রাতে এরা ঘুমোয় কিভাবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চোখে চোখ রাখতে পারে?

অভিনেত্রীর ক্ষোভ ও বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে কেউ লিখেছেন, আমরা লজ্জিত, কারণ আমরা বাংলাদেশি নাগরিক!

তার দেই পোস্টে কেউ মন্তব্য করেছেন, বাংলাদেশের পুরো সিস্টেমটাই ভুল।

কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই দেশে জীবনের মূল্য ছাড়া বাকি সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

আজকালের কন্ঠ/আর বি/

প্রিন্ট করুন