Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৪, ২০২৫ , ৫:০৮ অপরাহ্ণ

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, পটুয়াখালীর উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রের বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় কুয়াকাটাসহ পটুয়াখালীর উপকূলবর্তী অঞ্চলে আবহাওয়া অস্থিতিশীল হয়ে উঠেছে। কুয়াকাটা উপকূলের সমুদ্র কিছুটা উত্তাল হয়ে পড়েছে, বড় ছোট ঢেউ বারবার তীরে আছড়ে পড়ছে। স্বাভাবিক জোয়ারের তুলনায় নদ-নদীতে পানির উচ্চতাও কিছুটা বেড়েছে।

বুধবার (২৩ জুলাই) আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সমুদ্রে অবস্থানরত সব মাছধরা ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে দেখা গেছে, কুয়াকাটার আকাশে সারাদিন ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পটুয়াখালীর বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার বিভিন্ন নিচু এলাকায় পানি জমে পড়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, লঘুচাপটি স্থলভাগের দিকে অগ্রসর হলে এর প্রভাব আরও তীব্র হতে পারে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/মিজান

প্রিন্ট করুন