মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। বুধবার ভোরে ঢাকা-নাটোর মহাসড়কে একটি নোহা প্যাকেট কার (মাইক্রোবাস ধরনের পিকআপ) ও একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে পাঁচজনই নারী। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর থেকে নোহা প্যাকেট কারটি ঢাকায় প্রবাসী আত্মীয়কে রিসিভ করার জন্য রওনা হয়। পথিমধ্যে বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় নোহা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পাঁচজন মারা যান, পরবর্তীতে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় ছিল এবং কোনো প্রকার অবরোধের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতি এবং অসতর্ক চালনাই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। এলাকাবাসীর দাবি, এ সড়কে পর্যাপ্ত ট্রাফিক নজরদারি এবং স্পিড ব্রেকার না থাকায় এমন দুর্ঘটনা অহরহ ঘটছে।
মাত্র একটি প্রবাসী স্বজনকে গ্রহণ করতে গিয়ে এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় আটটি প্রাণ ঝরে যাওয়া এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। দুর্ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—নিরাপদ সড়ক এখন সময়েরই দাবি।
আজকালের কন্ঠ/রাহাত/সাহাবুল