Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২২, ২০২৫ , ৮:৩২ অপরাহ্ণ

মেয়ের পরকীয়ার জেরে বিষপান করে মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন এক মা এবং তার দেড় বছরের শিশুকন্যা। মঙ্গলবার (২২ জুলাই) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চরলক্ষ্মী গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়ির কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী তাসলিমা বেগম (৪০) এবং তার ছোট মেয়ে মিতু আক্তার (২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মেয়ে সাবিনা আক্তারকে তিন বছর আগে একই গ্রামের মাহফুজ আলমের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ এবং স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতির পাশাপাশি পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে মা ও মেয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সর্বশেষ মঙ্গলবার সকালে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

ঝগড়ার একপর্যায়ে অভিমান করে তাসলিমা বেগম বসতঘরের পাশের একটি ধানখেতে গিয়ে নিজের দেড় বছরের শিশুকন্যার মুখে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন।

স্থানীয় যুবক আল-আমিন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা আক্তার মিতু তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আজকালের কন্ঠ/রাহাত/জাকির

প্রিন্ট করুন