Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২২, ২০২৫ , ৭:০৮ অপরাহ্ণ

আলিপুর মৎস্য বন্দরে বিএনপি নেতার সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর আলিপুর মৎস্য বন্দরে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে আলিপুর বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আলিপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মহিউদ্দিন মুসুল্লী সুলতান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি ও সাবেক লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ মুসুল্লী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্যকালে এবিএম মোশাররফ হোসেন বলেন, “বিএনপি একটি আদর্শিক দল। দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, জুলুম বা অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বহিষ্কারও করা হবে।”

তিনি আরও বলেন, “আলিপুর মৎস্য বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করা হয়। এই গুরুত্বপূর্ণ বন্দরটিকে সুরক্ষা ও উন্নয়নের স্বার্থে মাছ পরিবহনের সময় কোনো প্রকার হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা জুলুম বরদাস্ত করা হবে না। এমন অভিযোগ পাওয়া গেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

সভা শেষে স্থানীয় ব্যবসায়ীরা মতবিনিময় সভাকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

আজকালের কন্ঠ/রাহাত/মিজান

প্রিন্ট করুন