Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২২, ২০২৫ , ৬:৫৭ অপরাহ্ণ

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনের ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব রহমান ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানায় চিকিৎসকরা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া।

মাহতাব রহমান ভূঁইয়া (১৫) কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির মো. মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। তারা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন। মাইলস্টোন স্কুলে তার শিক্ষার্থী কোড নং ১০১৪।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণিতে পড়াশোনা করত মাহতাব।

তার বাবা প্রতিদিন ছেলেকে স্কুলে আনা-নেওয়া করতেন। স্কুল ছুটির ঠিক ১০-১৫ মিনিট আগে হঠাৎ করে স্কুলের ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকেন।এ ঘটনয় সপ্তম শ্রেণির মাহতাব রহমানকে গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে চিকিৎসকরা তাকে বার্ন ইউনিটের আইসিউইতে ভর্তি করেন।

মাহতাবের গ্রামের বাড়ির প্রতিবেশী মো. আবুল খায়ের জানান, ঘটনার পর মাহতাবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। তার এখনো জ্ঞান ফেরেনি।

মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে আছি, ছেলেকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে মাহতাবের শরীরের প্রায় অর্ধেক অংশ পুড়ে গেছে। আমার একমাত্র ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

আজকালের কন্ঠ/রাহাত/সাহিদ

প্রিন্ট করুন