নড়াইলে জমি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা | Daily AjKaler Kontho

নড়াইলে জমি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন
নড়াইলে জমি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কৃষক মো. জাহাঙ্গীর শেখ (৬০) খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাহিরপাড়া গ্রামের বিলে এ হত্যার ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম কৃষক হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া মধ্যপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর শেখের সাথে জমি নিয়ে একই গ্রামের মো. মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার (১৬ জুলাই) সকালে মো. জাহাঙ্গীর শেখ কয়েকজন কৃষক শ্রমিক নিয়ে ওই বিরোধপূর্ণ জমির পাট কাটতে যায়। পাট কাটার খবর পেয়ে প্রতিপক্ষ মো. মান্দার শেখের নেতৃত্বে কবির শেখসহ ৮/১০ জনের একদল দূর্বৃত্ত বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়ে জাহাঙ্গীরকে পাট কাটতে নিষেধ করে। এনিয়ে উভয় পক্ষের লোকজনদের তর্ক বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ মান্দার শেখের লোকজনের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. জাহাঙ্গীর শেখকে হত্যা করে। এ সময় মো. জাহাঙ্গীর শেখের ছেলে ও কৃষক শ্রমিক নয়ন (২৫) হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। আহত নয়ন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত জাহাঙ্গীর শেখকে উদ্ধার করে লোহাগড়া থানায় আনা হয় পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্হল থেকে মো. কবির শেখ (৪৬) নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যেদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুুতি চলছে।

আজকালের কন্ঠ/আর বি/ন